ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় সকাল বেলায় ঘুম থেকে ডেকে তুলে এক নারীকে কুপিয়ে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। এ সময় নিহত নারীর স্বামীকেও হত্যার উদ্দেশ্যে দা নিয়ে তাড়া করলে সে পালিয়ে রক্ষা পায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারী উত্তর গ্রামে। নিহতের নাম শিউলী আক্তার (৩০)। তিনি ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গোয়ারী উত্তর গ্রামের সিএনজিচালক শরিফুল ইসলাম ও শিউলী আক্তার (৩০) দম্পতির ৬ বছরের মেয়ে লামিয়ার সঙ্গে শুক্রবার বিকালে শরিফুলের চাচা সোলায়মান মিয়ার ছেলের তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে পরদিন শনিবার সকালে সোলায়মান এসে শরিফুল ও তার স্ত্রী শিউলী আক্তারকে ঘুম থেকে ডেকে তোলেন। কথা কাটাকাটির একপর্যায়ে সোলায়মান দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ সময় স্বামী শরিফুলকেও হত্যার উদ্দেশ্যে দা নিয়ে তাড়া করে।এ ব্যাপারে মামলা হয়েছে।