নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. কামরুল ইসলাম (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লালপুর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। নিহত কামরুল উপজেলার একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন (৫০), তার ছেলে সবুজ (২৫), মৃত বাহার উদ্দিনের ছেলে ইনছার (৭০), তার ছেলে মন্টু (৪০) ও বাবলু (৫০), আমিনুল ইসলামের ছেলে তারিক (২০) এবং বাবুলের ছেলে বিপ্লব (৩৫)। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি বলে জানান ওসি নাছিম আহমেদ।