লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মেস্তুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিডু মেস্তুরীর স্ত্রী সকিনা বেগম (৪০), তার শিশুপুত্র মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক আরিফ হোসেন রিপনকে আটক করেছে। সে সিডু মেস্তুরির আরেক সংসারের ছেলে এবং ভোলা জেলার বাসিন্দা। চর পোড়াগাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও ইউপি সদস্য হুমায়ূন কবির সবুজ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তারা জানান, সন্ধ্যার দিকে আরিফ হোসেন রিপন তিনজনকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ এবং সেনা সদস্যরা উপস্থিত হয়েছে।
জানা যায়, সিডু মেস্তুরীর আরেকটি সংসারের ছেলে মো. রিপন ঢাকায় থাকতেন। দুই দিন আগে লক্ষ্মীপুরের রামগতির বাড়িতে আসে। সন্ধ্যার দিকে সে তার সৎ মাকে কুপিয়ে হত্যা করে। পরে ছোট ভাই এবং ভাগ্নিকেও কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে।
ঘটনার সময় সিডু মেস্তুরী বাড়িতে ছিলো না। হত্যাকান্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে এবং পরে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে মামলা হয়েছে।