মেসির নাম বলতেই হামাসের হাত থেকে রক্ষা পেয়েছিল আর্জেন্টিনার এক বৃদ্ধা
সংবাদ জমিন ডেস্কঃ
লিওনেল মেসির জনপ্রিয়তা কারো অজানা নয়। বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষ জানে তার নাম। এবার শুধু মেসির নামের জোরেই ফিলিস্তিনের সংগঠন হামাসের হাত থেকে রক্ষা পেলেন এক বৃদ্ধা। গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলের কিবুতজ নির ওজে এলাকায় ৯০ বছর বয়সী এথার কুনিও’র বাড়িতে বিস্ফোরণ ঘটায়। ওই সময় তিনি অভাবনীয় এক কাজ করেছিলেন।
পাঁচ মাস আগে হামাসের সেই হামলায় বহু ইসরাইলিকে পণবন্দি করা হয়। বাড়ি বাড়ি ঢুকে বহু মানুষকে অপহরণ করে হামাস যোদ্ধারা। সেই সময় ওই ৯০ বছরের বৃদ্ধার মুখোমুখি হয় তারা। বিপদ বুঝে তিনি বলেন, ‘তোমরা ফুটবল দেখ নাকি?’ এক হামাস সদস্য মাথা নাড়তেই বৃদ্ধা বলে ওঠেন, ‘আমি সেখান থেকে এসেছি- যেখান থেকে মেসিও এসেছেন।’
আর তাতেই ফল হয় ম্যাজিকের মতো। এক হামাস সদস্য বলেন, ‘আমি মেসিকে পছন্দ করি।’ শেষ পর্যন্ত বৃদ্ধাকে আর অপহরণ করেনি হামাস সদস্যরা। বরং তার সঙ্গে একটি ছবিও তুলে যায় ওই মেসিভক্ত।