স্টাফ রিপোর্টারঃ
পুলিশের পোশাক পরে অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল মো. বাবুল ওরফে হারুন (৪৮)। সম্প্রতি তাকে গ্রেপ্তার করে ধানমণ্ডি থানা পুলিশ। গতকাল রাজধানীর রমনায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, গত ১২ই জানুয়ারি দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে চিকিৎসক দেখিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য জানতে হারুন নামের পোশাক পরিহিত এক পুলিশ সদস্যের কাছে সহযোগিতা চান নরসিংদীর হেলেনা বেগম (৪০)। পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি সহযোগিতা করার পাশাপাশি হেলেনার মোবাইল নম্বর রেখে দেন। এমন কি পরের দিন আবারো ডাক্তার দেখাতে আসবেন এই তথ্য জেনে নেন। পরের দিন পুলিশ সদস্য হেলেনাকে ফোন করে ঢাকায় ডাক্তার দেখাতে আসার তথ্য নিশ্চিত হন। ১৩ই জানুয়ারি হেলেনা ও তার বান্ধবী রিনা বেগম ডাক্তার দেখাতে ধানমণ্ডির পপুলার হাসপাতালে আসেন। এ সময় হাসপাতালের সামনে এসে হারুনকে দেখতে পান। পরে হারুন হাসপাতালের ডাক্তারের সঙ্গে কথা বলে হেলেনাকে ডাক্তার দেখাতে সহযোগিতা করেন। এ সময় রিনা ও হারুন বাহিরে অপেক্ষা করে।
তখন রিনা হাতের ব্যাগ রেখে টয়লেটে যান। ফিরে এসে দেখেন হারুন নেই। রেখে যাওয়া ব্যাগে নগদ ২৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল। অনেক খোঁজাখুঁজি করে হারুনকে না পেয়ে ধানমণ্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী হেলেনা।পুলিশের অভিযানে গ্রেফতার হয় সে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হারুন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরসাতারিয়া এলাকার মৃত ইমান আলীর সন্তান।