স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠান চলাকালে হৃদয় (১৯) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার ফতুল্লার পাগলা বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হৃদয় ফতুল্লার পাগলা বৌবাজার এলাকার মো. হাবিব মিয়ার ছেলে।
আহতরা হলেন, ফতুল্লার পাগলা পশ্চিম পাড়া এলাকার সামসুল হকের ছেলে সানী (২০) ও আব্দুল হামিদের ছেলে হামিম (১৮)। তারা সকলে বন্ধু।
জানা গেছে, মঙ্গলবার রাতে থার্টি ফার্স্ট নাইট (বর্ষবরণ) উপলক্ষ্যে বৌবাজার এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে খাওয়া-দাওয়ার আয়োজনে অংশগ্রহণ করে তিন বন্ধু হৃদয়, সানী ও হামিম। তবে অনুষ্ঠান চলাকালে একদল যুবক পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। তার অপর দুই বন্ধুকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল তা জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।