দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষকের শরীরে এসিড নিক্ষেপ,পাকড়াও-১
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে খলিলুর রহমান (৫০) নামে এক কৃষকের শরীর।
এ ঘটনায় শরিফ মিয়া (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরিফ মিয়া দুর্গাপুর উপজেলার
গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানীপাড়া গ্রামের আবদুস সোবহানের ছেলে। বৃহস্পতিবার রাতে ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করেন। এর আগে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্গাপুর উপজেলার দক্ষিণ নাওদ্বারা গ্রামের খলিলুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবদুল হান্নান ও মিজান মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ ঘটনায় গত ১১ই জানুয়ারি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছিলেন খলিলুর রহমান। ওই অভিযোগকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি দিতে থাকে তারা। এরইমধ্যে গত বুধবার রাতে খলিলুর প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে তার শরীরে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় এসিডে তার শরীরের পেছনের অংশ পুড়ে ঝলসে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মামলা হয়েছে।