পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর ডিবি পুলিশের একটি দল ঘটনার সঙ্গে সম্পৃক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সেনগাঁও ইউনিয়নের কানাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত এনামুল হক এনামের স্ত্রী রেজিয়া খাতুনকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের এনতাজুল ওরফে এনতা (৫১) ও মালগাঁও গ্রামের দেলোয়ার হোসেন (৫০) বাড়ির পার্শ্ববর্তী বাগানবাড়ীতে নিয়ে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী ঘটনাটি আত্মীয়-স্বজনকে জানাবেন বললে আসামিরা নিজেদের বাঁচাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। বিষয়টি এলাকায় চাউর হলে থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার ও এনতাজুলকে গ্রেপ্তার করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই মো. আশরাফুল আলম জানান, মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হলে আসামিরা তাদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এ ব্যাপারে সোমবার রাতে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মৃতদেহের সুরতহাল রিপোটের পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি খায়রুল আনাম জানান, এ ঘটনায় দোষীরা গ্রেপ্তার হয়েছে।